জাতীয়

একযোগে পদোন্নতি পেয়ে সচিব হলেন ৯ জন, পাঁচজনকে ওএসডি

আপডেট: মার্চ ২৭, ২০২৬ : ০১:৩৫ পিএম
একযোগে পদোন্নতি পেয়ে সচিব হলেন ৯ জন, পাঁচজনকে ওএসডি

প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সরকার আরও পাঁচ সচিবকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে। একই সঙ্গে ৯ জনকে পদোন্নতি দিয়ে এবং একজনকে অবসর থেকে ফিরিয়ে ১০ বিভাগ ও দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে পরিকল্পনা কমিশন দুই নতুন সদস্য পেয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক প্রজ্ঞাপনে এসব রদবদল করা হয়।

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনে ধারাবাহিক রদবদল চলছে। সবশেষ মঙ্গলবার একসঙ্গে ২৬৪ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এরপর রাতে সচিব পর্যায়ে বড় রদবদলের আদেশ ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

তারেক রহমানের নেতৃত্বে নতুন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এর আগে দুই দফায় চার সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়া চুক্তিভিত্তিক নয় সচিবের চাকরি যায়। পাঁচ জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়।

সচিবদের রদ বদলের আদেশ অনুযায়ী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরী, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সমন্বয় ও সংস্কার জাহেদা পারভীন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

অপর আদেশগুলোতে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভূঁইয়াকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে জাতীয় সংসদ সচিবালয়ে দায়িত্ব হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বদলি করা হয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-আইএমইডিতে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সচিব করেছে সরকার।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, অতিরিক্ত সচিব জাকারিয়াকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

পদোন্নতি পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওছার। তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

খুলনা বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব মোখতার আহমেদকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।

ন্যাশনাল ডিফেন্স কলেজের অতিরিক্ত সচিব ইয়াসমীন পারভীনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পাঠানো হয়েছে।

আলাদা আরেক প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী এস এম এবাদুর রহমানকে যোগ দেওয়ার দিন থেকে এক বছরের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে।

এর বাইরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. নেয়ামত উল্লাহ ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

অপরদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

অর্থাৎ নতুন সচিব পেয়েছে পাওয়া ১০টি দপ্তর ও বিভাগ। সেগুলো হল- সংসদ সচিবালয়, আইএমইডি, মৎস্য, বেসামরিক বিমান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও ইআরডি, পরিবেশ, প্রবাসী কল্যাণ, মহিলা ও শিশু এবং আইসিটি বিভাগ নতুন সচিব পেয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!