প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা অবশ্যই হতে হবে, তবে তা এমনভাবে করা উচিত নয় যাতে এই ইতিহাসের অবমূল্যায়ন ঘটে।
আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীত ভুলে গেলে দুই চোখই অন্ধ।” তিনি বলেন, অতীতকে মনে রেখেই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি জিয়াউর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সব শহীদ ও জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো এক দলের নয়, এটি ছিল জনযুদ্ধ।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবে ঐক্যবদ্ধভাবে কাজ করলে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।”
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ নানা কর্মসূচি জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের অঙ্গীকার হোক—সমাজের একটি অংশ নয়, আমরা সবাই মিলে ভালো থাকব।”
সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির নেতারা ছাড়াও বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!