জাতীয়

চট্টগ্রাম বন্দরে আসছে প্রায় ২ লাখ টন এলএনজি

আপডেট: মার্চ ২৭, ২০২৬ : ০১:৪২ পিএম
চট্টগ্রাম বন্দরে আসছে প্রায় ২ লাখ টন এলএনজি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। পাঁচ দিনের ব্যবধানে প্রায় দুই লাখ টন এলএনজি নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দর-এ ভিড়ছে।

বন্দর সূত্রে জানা গেছে, তিনটি জাহাজ মিলিয়ে মোট প্রায় ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি দেশে আসছে। এর মধ্যে অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি বহনকারী ‘এইচএল পাফিন’ নামের একটি ট্যাংকার ইতোমধ্যে কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে।

এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি বহনকারী ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি জাহাজ আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী ট্যাংকার দুটি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

জ্বালানি সরবরাহ সচল রাখতে এই আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!