সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, তামাকমুক্ত সমাজ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এ জন্য তিনি ‘তামাককে না বলি, জীবনকে হ্যাঁ বলি’— এই স্লোগানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান কক্ষে আয়োজিত ‘ইয়্যুথ কনফারেন্স অন প্রোটেক্টিং হেলথ অব ওমেন, চিলড্রেন অ্যান্ড ইয়্যুথ ফ্রম টোবাকো হার্মস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে তামাকবিরোধী আইন ২০০৫ সালেই করা হয়েছে। তবে দীর্ঘ সময় পার হলেও তামাক সেবন পুরোপুরি বন্ধ হয়নি। এখনো অনেককে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়। তাই আইন প্রণয়নের পাশাপাশি এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, সিগারেট ও তামাকজাত দ্রব্য মানুষের জীবনকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দেয়। এসবের কারণে কিডনি রোগসহ বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। একই সঙ্গে মাদকাসক্তি শরীরকে দুর্বল করে এবং মেধার বিকাশে বাধা সৃষ্টি করে।
ফারজানা শারমীন তরুণদের উদ্দেশে বলেন, যুবসমাজকে সচেতন করতে হবে, যাতে তারা তামাক ও মাদক থেকে দূরে থাকে। দেশের নারী, শিশু ও তরুণদের সুরক্ষায় পরিবার ও সমাজের সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দীন ফারুক, সাবিনা আক্তার আরজু, শিবানী ভট্টাচার্য ও মো. মোস্তাফিজুর রহমান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!