১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার বিচারের দাবিতে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে ভারত। শনিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।
রণধীর জয়সওয়াল বলেন, “১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’ চলাকালে পাকিস্তানি বাহিনী লক্ষ লক্ষ নিরীহ বাংলাদেশিকে পরিকল্পিতভাবে হত্যা এবং নারীদের ওপর গণ যৌন নির্যাতন চালিয়েছিল। অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এই নৃশংসতা সমগ্র বিশ্বের বিবেককে নাড়া দিয়েছিল। বাংলাদেশ ন্যায়বিচার চায় এবং আমরা এর প্রতি পূর্ণ সমর্থন জানাই।”
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে পাকিস্তানি সেনাবাহিনী পূর্বপাকিস্তানে ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে। এই ৯ মাসে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকার-আলবদর বাহিনীর হাতে প্রায় ৩০ লাখ মানুষ নিহত এবং ২ লাখ নারী সম্ভ্রম হারিয়েছিলেন।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই নৃশংস সামরিক অভিযানের আন্তর্জাতিক স্বীকৃতি ও ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতির চেষ্টা চালাচ্ছে। গত ২৪ মার্চ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে ২৫ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
সূত্র: এনডিটিভি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!