সচিবালয়ে প্রবেশের পর নিজ দপ্তরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে পৌঁছে তিনি গাড়ি থেকে নেমে সরাসরি ৬ নম্বর ভবনে যান। সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখেন।
এ সময় তিনি একই ভবনের বিভিন্ন তলায় মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। পরে তিনি ৫ নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনে বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েও যান।
এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজের কার্যালয়ে প্রবেশ করেন।
এদিকে, অন্যান্য দিনের মতো আজও বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। সকালে কৃষক কার্ড–সংক্রান্ত এক সভায় তিনি সভাপতিত্ব করেন। সভায় স্থানীয় সরকার, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!