জাতীয়

প্রকৃত কৃষক শনাক্তে ‘কৃষক কার্ড’ দেবে সরকার: কৃষিমন্ত্রী

আপডেট: মার্চ ২৯, ২০২৬ : ০৮:৩১ এএম
প্রকৃত কৃষক শনাক্তে ‘কৃষক কার্ড’ দেবে সরকার: কৃষিমন্ত্রী

প্রকৃত কৃষকদের চিহ্নিত করে তাদের বিভিন্ন সহায়তা দিতে ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। এ কার্ডের মাধ্যমে কৃষি ঋণ, সার, বীজ ও প্রযুক্তি সহায়তা আরও সহজভাবে কৃষকের কাছে পৌঁছানো যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি নির্ভুল তালিকা তৈরি করা সম্ভব হবে। এতে করে কৃষি খাতে সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা আসবে এবং অপচয় কমবে। পাশাপাশি কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ গড়ে উঠবে, যা ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কর্মপরিকল্পনা ও বাজেট প্রাক্কলন সংক্রান্ত ওই সভায় কৃষি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এতে কৃষক কার্ড বিতরণ, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষক কার্ড বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলার কাজ চলছে, যা ২৯ মার্চ পর্যন্ত চলবে।

সভায় আরও জানানো হয়, আগামী পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!