বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। জনতা নিয়ন্ত্রণ, অপরাধ তদন্ত এবং প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিতে চায় দেশটি।
রোববার (২৯ মার্চ) পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে ক্রিস্তেল ফন্টেইন এ আগ্রহের কথা জানান।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ক্রিস্তেল ফন্টেইন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে অভিবাসন সহায়তা এবং পুলিশের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের পক্ষ থেকে কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির ফরাসি প্রতিনিধির এই প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন, পার্বত্য অঞ্চল ও রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা এবং মানবপাচার প্রতিরোধে প্রশিক্ষণ জোরদার করা প্রয়োজন।
এ সময় তিনি দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!