সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার ঢাকায় আন্তর্জাতিক হার্ট ফেলিওর (হৃদযন্ত্রের অকার্যকারিতা) বিষয়ে উন্নত চিকিৎসা সম্মেলন ও বৈজ্ঞানিক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শুধু চিকিৎসা নয়, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধিতেও সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যসহ দেশি-বিদেশি খ্যাতনামা চিকিৎসকগণও উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রী দেশে হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের জন্য ইমেজিং প্রযুক্তির গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, জনসচেতনতা তৈরি এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও অভিজ্ঞ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন কম খরচে হার্টের উন্নত চিকিৎসা পায়, সে লক্ষ্যে দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে। মন্ত্রী আরও জানান, দেশে হৃদরোগ বিশেষজ্ঞ ও দক্ষ জনবল গড়ে তুলতে সরকার বিদেশে উচ্চতর প্রশিক্ষণ ও গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত গৌরবের, এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, সরকার এমন একটি স্বাস্থ্য কাঠামো গড়ে তুলতে চায়, যেখানে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ কম খরচে উন্নত চিকিৎসা পাবে।
দিনব্যাপী বৈজ্ঞানিক সেশন, প্যানেল আলোচনা ও অভিজ্ঞ চিকিৎসকদের বক্তব্যে বলা হয়, দেশের হৃদরোগ চিকিৎসায় ব্যাপক পরিবর্তন আনা এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!