ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সৌদির মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে স্থানীয় সময় সকাল ১১টায় বৈঠকটি সম্পন্ন হয়।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে হজ ও ওমরাহ সেবায় সহযোগিতা ও সেবার মান বৃদ্ধিতে ঐকমত্য পোষণ করা হয়। বাংলাদেশিদের জন্য হজ ও ওমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। তিনি সৌদি সরকারের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে স্মরণ করে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে এবং হজ-ওমরাহসহ ধর্মীয় ও পারস্পরিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা জোরদার হবে।
বৈঠকে ধর্মমন্ত্রী বাংলাদেশিদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর নিকট হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে সৌজন্য উপহার প্রদান করা হয়। সৌদি মন্ত্রীও ধর্মমন্ত্রীর প্রতি শুভেচ্ছা উপহার তুলে দেন।
বৈঠকে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানখারা, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দার কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধর্মমন্ত্রী বর্তমানে তৃতীয় ওমরাহ ও ভিজিট ফোরামে যোগদানের জন্য সৌদি আরব অবস্থান করছেন।
আরএস-
No comments yet. Be the first to comment!