জাতীয়

সৌদির তত্ত্বাবধানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়নের প্রস্তাব

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৪:৫৬ এএম
সৌদির তত্ত্বাবধানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আধুনিকায়নের প্রস্তাব

বাংলাদেশের কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সৌদি আরবের তত্ত্বাবধানে আধুনিকায়নের প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং দেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৩০ মার্চ) আন্তর্জাতিক শ্রম সংস্থা—International Labour Organization (আইএলও)-এর গভর্নিং বডির অধিবেশনের সাইডলাইনে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় তুলে ধরেন মন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান।

বৈঠকে সৌদি উপমন্ত্রী আইএলওতে সৌদি আরবের বিরুদ্ধে আনীত কয়েকটি মামলার বিষয়ে বাংলাদেশ স্থায়ী মিশনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি রাজপরিবারের প্রতি শুভেচ্ছা জানান।

মন্ত্রী সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করায় দেশটির সরকারের প্রতি ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে সৌদি সরকারের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি দেওয়ার বিষয়েও জোর দেন।

বৈঠকে বাংলাদেশের কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সৌদি তত্ত্বাবধানে আধুনিকায়ন এবং অভিবাসনপ্রত্যাশী কর্মীদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণ জোরদারের প্রস্তাব দেওয়া হয়। এতে সৌদি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা যাচাই ও স্বীকৃতি প্রদান সহজ হবে বলে আশা করা হয়।

সৌদি উপমন্ত্রী প্রবাসী কল্যাণমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি দুই দেশের শ্রমবাজারে পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!