জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৪:৫৮ এএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে প্রতিমন্ত্রী বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি অফিস ও বিভিন্ন সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

প্রতিমন্ত্রী সাম্প্রতিক নির্বাচনে বিজয়ের পর জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো শুভেচ্ছা বার্তার কথা স্মরণ করেন। তিনি বলেন, নতুন সরকারের অগ্রাধিকারমূলক লক্ষ্য বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০২৫ সালে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নতুন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে বহুপাক্ষিক উদ্যোগ জোরদার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানান।

জবাবে ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করে নারী ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী এসব অগ্রাধিকার বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!