জাতীয়

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৬:০৭ এএম
সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে গোদনাইল এলাকা ও পার্শ্ববর্তী ঈদগাহ সংলগ্ন স্থান থেকে মোট ৪৪ হাজার লিটার তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ৩৫ হাজার লিটার ফার্নেস ওয়েল এবং ৯ হাজার লিটার ডিজেল রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গোদনাইলের একটি তেলের ডিপোতে অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত কারখানা থেকে অবৈধভাবে মজুতকৃত ফার্নেস ওয়েল উদ্ধার করা হয়। পরবর্তীতে ঈদগাহ সংলগ্ন এলাকায় একটি তেলবাহী গাড়ি থেকে প্রায় ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পরিবহনকারী ব্যক্তি জানান, জব্দকৃত ডিজেল সিলেটের আকিজ গ্লাস ইন্ডাস্ট্রির জন্য বহন করা হচ্ছিল, কিন্তু তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ডের প্রক্রিয়া চলছে।

উদ্ধারকৃত তেল পার্শ্ববর্তী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, “দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!