জাতীয়

অকেজো পড়ে আছে ৩০ কোটি টাকার সেতু, বাঁশের সাঁকোই ভরসা

আপডেট: এপ্রি ১৩, ২০২৬ : ০৬:১৭ এএম
অকেজো পড়ে আছে ৩০ কোটি টাকার সেতু, বাঁশের সাঁকোই ভরসা

নওগাঁর মহাদেবপুর উপজেলার শীবগঞ্জ-গোপিনাথপুর বাজার এলাকায় আত্রাই নদর ওপর নির্মিত প্রায় সাড়ে ৩০ কোটি টাকার একটি সেতু এক বছর ধরে অকেজো পড়ে আছে। সংযোগ সড়ক না থাকায় চালু করা সম্ভব হয়নি সেতুটি। ফলে কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত স্থানীয় মানুষজন এখনো ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো বা নৌকায় নদ পারাপার করছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২৫৯ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালের মার্চে। ৩০ কোটি ৫৯ লাখ টাকার এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের আগস্টে। সময় বাড়ানো হলেও পূর্ব পাশে ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি এখনো চালু করা যায়নি।

সেতুর পূর্ব পাশে উত্তরগ্রাম ইউনিয়ন এবং পশ্চিম পাশে চান্দাশ ইউনিয়ন অবস্থিত। উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণে অবস্থিত এ এলাকায় দীর্ঘদিন ধরে একটি খেয়াঘাট দিয়ে মানুষ পারাপার হয়ে আসছে। প্রতিদিন শিক্ষার্থীসহ প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ এই পথে চলাচল করেন। শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষায় নৌকাই একমাত্র ভরসা।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম বলেন, বর্ষা মৌসুমে নদ পার হতে নৌকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

কাঞ্চন গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ‘ব্রিজ হয়েছে, কিন্তু ব্যবহার করতে পারছি না—এটা আমাদের জন্য কষ্টের বিষয়। এখনো আগের মতোই সাঁকো দিয়ে পার হতে হচ্ছে।’

খেয়াঘাটের মালিক বিদ্যুৎ হোসেন জানান, প্রতিদিন কয়েক হাজার মানুষ এই পথে পারাপার হয়। দীর্ঘদিনের দাবির পর সেতু নির্মাণ হলেও তা চালু না হওয়ায় মানুষের দুর্ভোগ কমেনি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, সেতুর মূল কাঠামোর কাজ অনেক আগেই শেষ হয়েছে। তবে পূর্ব পাশের জমি সংক্রান্ত জটিলতায় সংযোগ সড়কের কাজ থেমে আছে।

এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা বলেন, ভূমি অধিগ্রহণের সমস্যার কারণে সংযোগ সড়ক নির্মাণ বিলম্বিত হয়েছে। তবে দ্রুত এ জটিলতা নিরসনের মাধ্যমে সেতুটি চালু করা হবে বলে আশা করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!