জাতীয়

ইতিহাসের সবচেয়ে সফল প্রথম অধিবেশন ছিল ত্রয়োদশ সংসদের: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: মে ০৫, ২০২৬ : ০৪:২৯ এএম
ইতিহাসের সবচেয়ে সফল প্রথম অধিবেশন ছিল ত্রয়োদশ সংসদের: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিবেশন ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের এ অধিবেশন ছিল প্রাণবন্ত, কার্যকর ও সৌহার্দ্যপূর্ণ।

আজ সোমবার সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলাবিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গতকাল বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রথম অধিবেশনকে ‘ব্যর্থ’ বলে মন্তব্য করেছিলেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের পক্ষ থেকে এমন মতামত নতুন কিছু নয়। গণতন্ত্রে ভিন্নমত প্রকাশের সুযোগ রয়েছে এবং বিরোধীদল তাদের অবস্থান তুলে ধরতেই পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইতিহাসের মধ্যে সবচেয়ে সফল অধিবেশন ছিল এই অধিবেশন। দীর্ঘ ১৭ বছর পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই পার্লামেন্টের প্রথম অধিবেশন ছিল সবচেয়ে লাইভলি ও ভাইব্রেন্ট। সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে। সরকারি ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও বিতর্ক হয়েছে।”

তিনি আরও বলেন, জাতীয় বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করেছে এবং সংসদীয় কমিটিগুলোতেও সমন্বিত উদ্যোগ দেখা গেছে। “দ্বিমত থাকবে, ভিন্নমত থাকবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য,” বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচিত প্রতিনিধি না থাকায় পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক ছিল না। তবে বর্তমানে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আইনানুগভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।

রোহিঙ্গা ইস্যুতে বৈঠকের বিষয়ে তিনি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নাগরিকদের ক্যাম্প ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং মাদক চোরাচালান প্রতিরোধ নিয়ে সভায় আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে কীভাবে মাদকের সরবরাহ বন্ধ করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!