জাতীয়

আমলাদের শাসক নয়, সেবকের ভূমিকায় থাকতে হবে: স্পিকার

আপডেট: মে ০৫, ২০২৬ : ০৪:৩১ এএম
আমলাদের শাসক নয়, সেবকের ভূমিকায় থাকতে হবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রকে অর্থবহ করতে রাষ্ট্রের আমলাতন্ত্রকে সঠিক ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে প্রশাসনের কর্মকর্তাদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।

আজ জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রিপরিষদ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। স্পিকার বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনে তাঁরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তাই নির্বাচনব্যবস্থাকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জেলা প্রশাসকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, “বিগত ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্বাচনব্যবস্থা নজিরবিহীন দুর্নীতি ও ত্রুটির মধ্যে ছিল। এখন সেই অবস্থা থেকে বের হয়ে গণতান্ত্রিক ধারা শক্তিশালী করার দায়িত্ব সবার।”

স্পিকার আরও বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। ১৯৭১ সাল থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাধারণ মানুষের অবদান ছিল অনন্য।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র। গণতান্ত্রিক বিতর্ক সংসদকে দুর্বল না করে বরং আরও শক্তিশালী করে।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, জেলা প্রশাসকেরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেন। মাঠ প্রশাসনে সরকারের নীতি বাস্তবায়নে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব্য দেন।

জেলা প্রশাসকদের পক্ষে বক্তব্য দেন নাজমা আশরাফী, মো. তৌফিকুর রহমান এবং এ এন এম বজলুর রশীদ।

শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং জাতীয় সংসদ সচিবালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!