পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।
আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে কানাডা সরকারের অর্থায়নে গৃহীত “হিন্দু-কুশ হিমালয় অঞ্চলে সমন্বিত জলবায়ু অভিযোজন সমাধান (হাই-কাস)” প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকল্পটি বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বাস্তবায়িত হবে।
মন্ত্রী বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করে সরকারের লক্ষ্য হলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন সম্ভব হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বান্দরবানের সুয়ালক ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হওয়া পাইলট প্রকল্প সফল হলে তা পুরো পার্বত্য অঞ্চলে সম্প্রসারণ করা হবে।
কর্মশালায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সরকার পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, জনস্বাস্থ্য এবং জলবায়ু সহনশীল কৃষি উৎপাদনে কাজ করছে।
তিনি বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক “রেইনবো নেশন” গড়তে চায়, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে।
এছাড়া কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, ঊর্ধ্বতন কর্মকর্তারা, আরণ্যক ফাউন্ডেশন এবং ইসিমোডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!