জাতীয়

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি গড়ার কাজ চলছে: সংস্কৃতিমন্ত্রী

আপডেট: মে ০৫, ২০২৬ : ০৫:০৬ এএম
তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি গড়ার কাজ চলছে: সংস্কৃতিমন্ত্রী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের কাজ চলছে।

সোমবার (৪ মে) রাতে রাজধানীর ঢাকা ক্লাব-এ বাংলাদেশ ল’ইয়ার্স অ্যালায়েন্স নামে আইনজীবীদের একটি সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় দেশে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করেছে এবং এখন দলীয় নেতৃত্বে একটি “টিমওয়ার্কের মাধ্যমে” দেশ পরিচালনা চলছে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো সমাজে বিদ্যমান বিভাজন দূর করে ঐক্য গড়ে তোলা। একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে এগিয়ে নেওয়াই আমাদের উদ্দেশ্য।”

আইনজীবীদের সংগঠন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবার বিভিন্ন প্যানেলের প্রতিযোগিতা থাকলেও ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, অতীতে যেসব অনৈক্য ছিল, তা দূর করে এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভুল করলে রাজনৈতিকভাবে ক্ষতি হবে বলেও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও এমপি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও এমপি মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল এবং জ্যেষ্ঠ আইনজীবী রাগিব রউফ চৌধুরী।

অনুষ্ঠান শেষে ২৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ল’ইয়ার্স অ্যালায়েন্সের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় জাবেদুল ইসলাম জাবেদ এবং সাধারণ সম্পাদক হুসনে মুবারক রকি-কে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!