জাতীয়

লিমন-বৃষ্টি মরণোত্তর ডক্টরেট পাচ্ছেন মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে

আপডেট: মে ০৬, ২০২৬ : ০৫:৪৭ এএম
লিমন-বৃষ্টি মরণোত্তর ডক্টরেট পাচ্ছেন মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে

নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ মে অনুষ্ঠিতব্য বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে। ইতিমধ্যে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে। কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন।

জামিল আহমেদ লিমন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত ছিলেন।

গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তদন্তে জানা যায়, তাদের সঙ্গে শেষবার যোগাযোগ হয়েছিল লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহের সঙ্গে। পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে।

পরবর্তীতে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতু এলাকায় আবর্জনার ব্যাগ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় বৃষ্টির মরদেহও পরে শনাক্ত করা হয় বলে জানা গেছে।

এ ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের দুটি অভিযোগ আনা হয়েছে। তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

আগামী ৬ মে দুপুরে টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ মে তার মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। দুবাই ট্রানজিট হয়ে মরদেহ ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!