জাতীয়

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: মে ০৭, ২০২৬ : ০৫:৩৯ এএম
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন–২০২৬-এর চতুর্থ দিনের তৃতীয় অধিবেশন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঠ প্রশাসনে শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে জমা দিতে বলা লাইসেন্সধারী অস্ত্র এখনো ফেরত দেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত অস্ত্র ফেরত দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে প্রায় ১০ হাজার অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান, মামলা এবং বাজেয়াপ্তকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিগত সরকারের সময়ের ‘গায়েবি’ ও হয়রানিমূলক মামলা পর্যালোচনার মাধ্যমে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কমিটি এসব মামলা যাচাই করে সুপারিশ করবে। পরে তা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সিআরপিসি অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না। বড় হাটগুলোতে জালনোট শনাক্তকরণ মেশিন থাকবে এবং পুলিশ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে।

তিনি জানান, ঈদের সাত দিন আগে পুলিশ সদর দপ্তরে কেন্দ্রীয় মনিটরিং সেল চালু হবে এবং মহাসড়কগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।

চামড়া সংরক্ষণে উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এতে তৃণমূল পর্যায়ে সাত দিন পর্যন্ত চামড়া সংরক্ষণ নিশ্চিত করা যাবে।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় তিনি মাদক, জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!