জাতীয়

এআইয়ের কারণে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান হারানোর আশঙ্কা: দেবপ্রিয় ভট্টাচার্য

আপডেট: মে ০৭, ২০২৬ : ০৬:৪৬ এএম
এআইয়ের কারণে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান হারানোর আশঙ্কা: দেবপ্রিয় ভট্টাচার্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিকস ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে দেশে প্রায় ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

আজ বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের ফলে দেশে যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি বড় একটি অংশের কাজ হারানোর ঝুঁকিও রয়েছে। তার মতে, নতুন করে প্রায় ৫০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হলেও সেই কাজের জন্য বর্তমান তরুণ প্রজন্ম কতটা প্রস্তুত, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকসের কারণে শ্রমবাজারে বড় পরিবর্তন আসছে। কিন্তু আমাদের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না।”

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান। এতে শিক্ষা খাতের বর্তমান অবস্থা, বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এখন শুধু শিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করাই যথেষ্ট নয়; বরং শিক্ষার মান ও ফলাফল নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ। তার মতে, শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হলেও তারা কতটা দক্ষতা নিয়ে বের হচ্ছে, সেটিই এখন মূল প্রশ্ন।

তিনি আরও বলেন, শিক্ষা খাতকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। নীতিনির্ধারণে কেবল প্রযুক্তিগত পরামর্শ নয়, বরং বৃহত্তর সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!