জাতীয়

লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার

আপডেট: মে ১২, ২০২৬ : ০৪:৩৬ এএম
লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার

দেশে লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং স্থানীয় লবণচাষিদের স্বার্থ রক্ষায় সরকার উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে লবণের ন্যায্য মূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নবিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষি মন্ত্রণালয় বর্তমানে লবণ উৎপাদনের প্রকৃত খরচ পর্যালোচনা করছে। একই সঙ্গে দেশে ভোজ্য ও শিল্পখাতে ব্যবহৃত লবণের চাহিদা বিবেচনায় আমদানির প্রয়োজনীয়তাও যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে দেশ লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং চাষিরাও ন্যায্য মূল্য পান।

ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সীমান্ত উত্তেজনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি বলেন, ভারতের কোনো অঙ্গরাজ্যে সরকার পরিবর্তন বা প্রশাসনিক সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ কেন্দ্রীয় সরকারের সঙ্গে সার্বভৌম সমতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে এবং কোনো অঙ্গরাজ্যের রাজনৈতিক পরিবর্তন দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর প্রভাব ফেলে না।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

পশ্চিমবঙ্গে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এখন পর্যন্ত এ ধরনের পরিস্থিতির সত্যতা বা তার নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়েছে—এমন কোনো তথ্য সরকারের কাছে নেই বলেও জানান তিনি।

তিনি জনগণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!