জাতীয়

সর্বসম্মত মতামতের ভিত্তিতে গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

আপডেট: মে ১২, ২০২৬ : ০৪:৪২ এএম
সর্বসম্মত মতামতের ভিত্তিতে গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অংশীজনদের মতামতের ভিত্তিতে সরকার একটি স্বাধীন ও কার্যকর গণমাধ্যম কমিশন গঠন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত হবে না। সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই এটি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, “আমরা এমন একটি কমিশন গঠন করতে চাই, যা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি জনগণকে অপতথ্যের হাত থেকেও সুরক্ষা দেবে।”

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় চলছে বলেও জানান তিনি।

বর্তমান সময়কে ‘রূপান্তরকালীন সময়’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের গতি যেমন বেড়েছে, তেমনি অপতথ্য ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। তাই সঠিক তথ্য নিশ্চিত করা এখন গণমাধ্যমের বড় দায়িত্ব।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের ফলে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব সংকট মোকাবিলায় তথ্য মন্ত্রণালয় নতুন কর্মকৌশল নির্ধারণ করছে।

নতুন সংবাদমাধ্যমগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা এখন জটিল ও দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে অপতথ্য মোকাবিলায় গণমাধ্যমকে আরও সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে ‘এশিয়া পোস্ট’-এর সম্পাদক পলাশ মাহমুদের সঞ্চালনায় বিভিন্ন গণমাধ্যমকর্মী, নীতিনির্ধারক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী কেক কেটে ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!