জাতীয়

ঈদযাত্রায় মাঝনদী থেকে লঞ্চে যাত্রী ওঠা বন্ধ থাকবে: নৌপরিবহনমন্ত্রী

আপডেট: মে ১২, ২০২৬ : ০৪:৪৫ এএম
ঈদযাত্রায় মাঝনদী থেকে লঞ্চে যাত্রী ওঠা বন্ধ থাকবে: নৌপরিবহনমন্ত্রী

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে যাত্রী চলাচল নিরাপদ করতে মাঝনদীতে নৌকা বা স্পিডবোট থেকে সরাসরি লঞ্চে যাত্রী ওঠা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, সদরঘাট এলাকায় কোনো যাত্রী নৌকা বা স্পিডবোট থেকে সরাসরি লঞ্চে উঠতে পারবে না। তবে টার্মিনালের পন্টুন ব্যবহার করে যাত্রীরা লঞ্চে উঠতে পারবেন।

তিনি বলেন, গত ঈদুল ফিতরে দুটি অনাকাঙ্ক্ষিত নৌ দুর্ঘটনার পর উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী নৌ দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

নৌপরিবহনমন্ত্রী জানান, ফেরিতে যানবাহন ওঠানোর সময় চালকদের যাত্রী নামিয়ে গাড়ি ওঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে ফেরি পন্টুনের নিরাপত্তাবেষ্টনী আরও উঁচু ও মজবুত করা হচ্ছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আরও বেশ কিছু সিদ্ধান্তের কথাও জানান তিনি। এর মধ্যে রয়েছে—ঈদের আগে ও পরে মোট ১০ দিন, অর্থাৎ ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত সার্বক্ষণিক বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখা। রাতের বেলায় স্পিডবোট চলাচলও বন্ধ থাকবে।

সদরঘাটের চাপ কমাতে মোহাম্মদপুরের বসিলা ঘাট এবং পূর্বাচলের কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ঘাট থেকে লঞ্চ সার্ভিস চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এ ছাড়া কুড়িল বিশ্বরোড থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত বিআরটিসির শাটল বাস চালু করা হবে।

তিনি বলেন, ঈদের আগে ও পরে তিন দিন, অর্থাৎ ২৫ থেকে ৩১ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্য ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। তবে কোরবানির পশুবাহী ট্রাককে অগ্রাধিকার দেওয়া হবে।

সদরঘাটে যাত্রীদের মালামাল পরিবহনে ট্রলি সেবা এবং অসুস্থ ও বয়স্ক যাত্রীদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, কোরবানির পশুবাহী নৌযান কোন ঘাটে ভিড়বে, তা ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কোনো ঘাট ইজারাদার বা তাদের লোকজন জোরপূর্বক পশুবাহী নৌযান টানতে পারবে না।

সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলেও সতর্ক করেন নৌপরিবহনমন্ত্রী।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!