জাতীয়

উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: মে ১২, ২০২৬ : ০৬:৪৭ এএম
উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসইভাবে রূপান্তরের লক্ষ্যে তিন দিনব্যাপী জাতীয় কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি’ শীর্ষক কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সিনেট ভবনে পৌঁছান। অনুষ্ঠান শুরুর আগে কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধানমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করেন।

ইউজিসি আয়োজিত এ কর্মশালায় সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, কূটনীতিক এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।

কর্মশালার বিভিন্ন অধিবেশনে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানযোগ্যতা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

ইউজিসি জানিয়েছে, অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষার জন্য একটি বাস্তবায়নযোগ্য নীতিগত রূপরেখা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এতে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ তৈরিতে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!