জাতীয়

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: মে ১৯, ২০২৬ : ০৬:৩৩ এএম
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সুযোগ-সুবিধা, জনবল বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগ ও সংকটের সময় মানুষের পাশে সবচেয়ে আগে ছুটে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। তাই তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, ভূমিকম্পের ঝুঁকির বাস্তবতায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা জরুরি।

বর্তমানে সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশন রয়েছে জানিয়ে তিনি বলেন, চাহিদার তুলনায় এটি যথেষ্ট নয়। এ কারণে ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প চলমান রয়েছে।

এ ছাড়া অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলছে বলে জানান তিনি। অনুষ্ঠানে পাসিংআউটের মাধ্যমে আড়াই শতাধিক নতুন সদস্য ফায়ার সার্ভিসে যোগ দেন। এ সময় বুনিয়াদি প্রশিক্ষণে শ্রেষ্ঠ ৯ জনকে পদক পরিয়ে দেন মন্ত্রী।

এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে বীরত্বপূর্ণ অবদান রাখায় ২০ জন সদস্যকে পদক দেওয়া হয়। গত তিন বছরের জন্য আরও ১৩৮ জনকে পদক প্রদান করা হবে বলেও জানানো হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!