নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি : সুজন সম্পাদক

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৫:১৪ এএম ১০
গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনও শেষ হয়নি : সুজন সম্পাদক

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি।

গতকাল সুজন সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হলেও তা এককভাবে যথেষ্ট নয়। গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গভীর আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের প্রত্যাশা ছিল একটি ন্যায়ভিত্তিক ও সাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। সেই লক্ষ্য অর্জনে নির্বাচন ব্যবস্থার সংস্কার, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং রাষ্ট্র কাঠামোর কার্যকর সংস্কার অপরিহার্য।

নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে সুজন সম্পাদক বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে প্রমাণিত হয়েছে যে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এ কারণে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের গুরুত্ব এখনো বহাল রয়েছে।

ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী, স্বাধীন ও দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং দুর্বৃত্তায়ন রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

নাগরিক সমাজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, নাগরিক সমাজকে ‘ল্যাপ ডগ’ নয়, বরং রাষ্ট্র ও রাজনীতির ওপর নজরদারিকারী ‘ওয়াচ ডগ’-এর ভূমিকা পালন করতে হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!