নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল জয়, আইইবির অভিনন্দন

আপডেট: ফেব ১৪, ২০২৬ : ০২:২৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল জয়, আইইবির অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল জয়, আইইবির অভিনন্দত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত সব সংসদ সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইইবি নেতারা বলেন, দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্জিত এই বিজয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তারা দৃঢ়ভাবে প্রত্যাশা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, নবনির্বাচিত সরকার প্রকৌশলীদের পেশাগত মর্যাদা সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা আইইবির। দেশের সাশ্রয়ী ও টেকসই অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ, জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন এবং চতুর্থ শিল্পবিপ্লব–উপযোগী প্রযুক্তি বিকাশে প্রকৌশলীদের সক্রিয় সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
আইইবি বিশ্বাস করে, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার প্রকৌশলীদের কল্যাণে সুদূরপ্রসারী নীতি ও বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করবে। এর মাধ্যমে একটি দক্ষ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা পাবে বলেও আশা প্রকাশ করা হয়।
জাতীয় স্বার্থ সংরক্ষণ ও দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করতে আইইবির নেতৃত্বে দেশের প্রকৌশলীরা সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। “সবার আগে বাংলাদেশ”—এই প্রত্যয়ে নবনির্বাচিত সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।
বিবৃতিতে সই করেছেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান এবং প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)।

 

আরএস-রাসেল

 

 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!