সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, ভ্রমণ ভিসাসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করা হবে।
তিনি বলেন, “এ বিষয়ে ইতোমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা প্রদান কার্যক্রম চালু রয়েছে।” বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনিরুদ্ধ দাস আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের জনগণ স্থির, ইতিবাচক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তরিত হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে সহায়ক হতে পারে। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন।
সভায় সিলেট ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, কানেক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা এবং আর্থসামাজিক উন্নয়নমূলক প্রকল্পের আহ্বান নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচার শাখার সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!