ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় বিপাকে পড়েছেন বাংলাদেশের প্রবাসী যাত্রীরা।
আজ রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নয়, দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইটও স্থগিত করা হয়েছে। ফলে যাত্রীরা বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মুখে অবস্থান করছেন। অনেকের ভিসার মেয়াদ সীমিত থাকায় উদ্বেগ ও হতাশা আরও বেড়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে। যদিও মধ্যপ্রাচ্যের ফ্লাইট বাতিল থাকলেও ইউরোপসহ অন্যান্য অঞ্চলের যাত্রীরা নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন।
বাংলাদেশ বিমানের যাত্রী নোয়াখালীর সেনবাগের জুয়েল মিয়ার বলেন, “ফ্লাইট স্থগিত হওয়ার খবর সত্ত্বেও সকাল থেকেই বিমানবন্দরে এসেছি। হটলাইনে ফোন দিচ্ছি এক ঘণ্টারও বেশি সময়, কিন্তু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এজেন্সি বলছে, সব তথ্য বিমানবন্দরে গিয়ে জানতে হবে। অনিশ্চয়তার মধ্যে রয়েছি।”
নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার জুবায়ের জানান, “গতকাল রাতের কাতার ফ্লাইট বাতিল হওয়ায় আমি রাজধানীর উত্তরাতে হোটেলে রাত্রি যাপন করেছি। আজ আবার বিমানবন্দরে এসেছি, কিন্তু এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি।”
ফ্লাইট চালু হওয়ার সুনির্দিষ্ট সময় না জানায় যাত্রীরা বড় অসুবিধার সম্মুখীন হয়েছেন।
আরএস-রাসেল

No comments yet. Be the first to comment!