পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতি বছরের মতো শিক্ষার্থীদের জন্য বার্ষিক ইফতার আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে দীর্ঘদিনের প্রচলিত মেনুতে পরিবর্তন এনে এবার গরুর মাংস বাদ দিয়ে মুরগি সংযোজনের সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে।
রোববার (১ মার্চ) রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় আগামী ৪ মার্চ অনুষ্ঠিতব্য ইফতারের মেনু চূড়ান্ত করা হয়। সভা শেষে জানানো হয়, এবার ইফতারে গরুর মাংস থাকবে না; তার পরিবর্তে থাকবে মুরগি।
সিদ্ধান্ত প্রকাশের পর শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাচ্ছে। কিছু শিক্ষার্থী ৪ মার্চের ইফতারের টোকেন ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে। কেউ কেউ বিকল্পভাবে গরুভোজের আয়োজনেরও দাবি করেছেন।
ডাকসু কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ বলেন, ডিনস কমিটি ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় শিক্ষার্থীদের দাবি গুরুত্ব পায়নি। সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের অভিযোগ করেন, প্রশাসনের সিদ্ধান্তে রাজনৈতিক প্রভাব থাকতে পারে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. মো. নাজমুল হোসাইন বলেন, অধিকাংশ হল পূর্বনির্ধারিত মেনু অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সময় স্বল্পতার কারণে মেনু পরিবর্তন সম্ভব হয়নি। তিনি জানান, আগামী পহেলা বৈশাখে গরুভোজের আয়োজন করা হবে।
ইফতারের মেনু নিয়ে প্রশাসন ও শিক্ষার্থীদের এই অবস্থান বিশ্ববিদ্যালয়জুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!