নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ১০ দফা দাবি উত্থাপন

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৭:০৩ এএম
বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন: ১০ দফা দাবি উত্থাপন

আওয়ামী শাসন আমলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের সন্ধান এবং পরিবারের পুনর্বাসনের দাবিতে বর্তমান সরকারের নিকট ১০ দফা দাবি পেশ করেছে ‘বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশন’। শনিবার মগবাজারে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবিগুলো তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ বেল্লাল হোসেন, যিনি নিজেও দীর্ঘ সময় গুমের শিকার ছিলেন। অনুষ্ঠানে গুম থেকে ফিরে আসা ভুক্তভোগীরা তাদের বন্দী জীবনের করুণ অভিজ্ঞতার বিবরণ দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরী, মো. সালাউদ্দিন আহমেদ এবং গুম পরিবারের অধিকার নিয়ে কাজ করা বিএনপি নেতা সালাউদ্দিন কবির।
বক্তারা বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের প্রধান দাবি হলো, যারা এখনো ফেরেনি তাদের জীবিত অথবা মৃত অবস্থায় সন্ধান দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম কমিশন প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘদিনের অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে তারা অবিলম্বে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
ফাউন্ডেশনের ১০ দফা দাবিগুলো হলো:
১. সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গুমের বিচার নিশ্চিত করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।
২. বিচার প্রক্রিয়া বাধাগ্রস্তকারী ও বিগত সরকারের দোসর হিসেবে পরিচিত প্রশাসনকে ঢেলে সাজানো এবং বিচারকাজের অন্তরায় ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা।
৩. গুম হওয়া পরিবারের অন্তত একজন সদস্যের জন্য সরকারি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
৪. ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের বিনামূল্যে লেখাপড়া ও চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করা।
৫. ভুক্তভোগী পরিবারগুলোকে মাসিক ভাতা প্রদান।
৬. গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব ও স্থাবর সম্পত্তির আইনি জটিলতা নিরসন এবং হস্তান্তরের সহজতর ব্যবস্থা করা।
৭. গুম পরিবারের সদস্যদের সরকারিভাবে সনদ প্রদান।
৮. ভুক্তভোগী পরিবারগুলোর জীবনের নিরাপত্তা নিশ্চিত করা।
৯. দেশে বিদ্যমান সকল ‘আয়না ঘর’ চিহ্নিত করে জনসম্মুখে প্রকাশ করা।
১০. যারা দীর্ঘদিন ধরে গুম পরিবার নিয়ে কাজ করছেন, তাদের ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনের শেষে বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ত্রাণসামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন যে, ভুক্তভোগী পরিবারগুলোর দাবিদাওয়া গুরুত্ব সহকারে বিবেচনা না করা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!