মঈন মাহমুদ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘বিসিক জামদানি ও কারুপণ্য মেলা-২০২৬’ এর উদ্বোধন করা হয়।
মেলা চলবে ১৫ই মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা অবধি।
এর আগে 'এনহান্সিং ইন্টারন্যাশনাল কম্পেটিটিভনেস অব জিআই জামদানি থ্রু ব্র্যান্ডিং, কোয়ালিটি অ্যাসিওরেন্স অ্যান্ড ডিজিটাল মার্কেটিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদ মেলা ও সেমিনার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তাঁতশিল্পের মতো ঐতিহ্যবাহী শিল্প সংরক্ষণ, উন্নয়ন, ডিজিটাল বিপণন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে আমাদের আরো গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে তাঁতিদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি পণ্যের গুণগত মান বজায় রাখার বিষয়েও বিশেষ নজর দিতে হবে।
বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চন্দ্রশেখর সাহা।
স্বাগত বক্তব্যে বিসিক চেয়ারম্যান প্রতিষ্ঠানটির বহুমাত্রিক কার্যক্রম ও দেশের শিল্পায়নে এর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিভিন্ন বিসিক শিল্পনগরী ও সংশ্লিষ্ট শিল্প খাতে প্রায় ৮ লাখ ৫ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন। বিসিকসংশ্লিষ্ট বিভিন্ন শিল্প খাত থেকে প্রতিবছর প্রায় ৩৪ হাজার কোটি টাকা মূল্যের পণ্য বিক্রি হয় এবং বিসিক শিল্পনগরীগুলো থেকে সরকার প্রায় ৪ লাখ ৫ হাজার কোটি টাকা রাজস্ব অর্জন করে।
তিনি আরো বলেন, জিআই পণ্য হিসেবে জামদানি বিসিকের অন্যতম ঐতিহ্যবাহী ও অগ্রাধিকারপ্রাপ্ত খাত। জামদানির আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডিজাইন উন্নয়ন, ব্র্যান্ডিং, গুণগত মান নিশ্চিতকরণ এবং ডিজিটাল মার্কেটিং সম্প্রসারণে বিসিক কাজ করে যাচ্ছে। পাশাপাশি দক্ষ কারিগর তৈরি এবং তরুণ প্রজন্মকে এ শিল্পে আগ্রহী করে তুলতেও বিসিক ধারাবাহিকভাবে উদ্যোগ গ্রহণ করছে।
ফ্যাশন মডেল ও নকশাকার বিবি রাসেল বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করা তাঁতিদের যথাযথ সম্মান দিতে হবে। তাঁত বুননকারী একজন শিল্পীকে তার শিল্পের মর্যাদা দিতে হবে। ভারতে প্রান্তিক তাঁতিদের সর্বোচ্চ পুরস্কার দেয়া হয়, কিন্তু আমাদের দেশে এখনো সেইভাবে মূল্যায়ন করা হয় না। পণ্যের মান উন্নয়ন এবং তাঁতিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!