ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের সপ্তম দিনে ৪৩টি আবেদনের শুনানি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল আবেদন মঞ্জুর করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুনানিকৃত ৪৩টি আপিলের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি আপিল আবেদন মঞ্জুর এবং ১৭টি আবেদন নামঞ্জুর করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে। বাকি ৪টি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
ইসি জানিয়েছে, আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) ৫১১ থেকে ৬১০ নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি চলবে।
সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তির কার্যক্রম শেষ হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরএস
No comments yet. Be the first to comment!