নির্বাচন কমিশন

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি: ৪৫টি আবেদন মঞ্জুর

আপডেট: জানু ১৭, ২০২৬ : ০৫:৩১ পিএম ১৪
ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি: ৪৫টি আবেদন মঞ্জুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের অষ্টম দিনের শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি জানান, এদিন মোট ১১২টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।

ইসি জানিয়েছে, মঞ্জুর হওয়া ৪৫টি আবেদনের মধ্যে ৪৩টি মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ২টি মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে। এ ছাড়া ৩৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন রয়েছে।

শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। এ ছাড়া ২ জন আপিলকারী শুনানিতে অনুপস্থিত ছিলেন। কমিশন আরও ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে বলে জানানো হয়েছে।

ইসি সূত্র জানায়, আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে।

সংশোধিত তফসিল অনুযায়ী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তির কথা রয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!