নির্বাচন কমিশন

ইসিতে শেষ দিনের আপিল শুনানি শুরু

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৪:৫৫ এএম ১১
ইসিতে শেষ দিনের আপিল শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শেষ দিনের শুনানি শুরু হয়েছে।

আজ রোববার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট–২ অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, বেলা ১২টা পর্যন্ত শুনানি চলবে।

আজ ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এ ছাড়া আগের দিনগুলোর যেসব আপিল আবেদন ঝুলে ছিল, সেগুলোরও শুনানি নেওয়া হবে।

এর আগে আপিল শুনানির অষ্টম দিন শনিবার মোট ১১২টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এসবের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আপিল মঞ্জুর হয়। একই দিন ৩৭টি আপিল নামঞ্জুর করা হয়। নামঞ্জুর হওয়া আপিলগুলোর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ছিল ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ছিল ২৪টি আবেদন।

শনিবারের শুনানিতে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয় এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া ১৯টি আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!