নির্বাচন কমিশন

অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি: সিইসি

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৫:১৯ পিএম
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি: সিইসি

নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই প্রার্থীদের আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সবার অংশগ্রহণ নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য।

আজ (১৮ জানুয়ারি) রোববার নির্বাচন ভবনে টানা নয় দিনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা চাই একটি অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচন হোক। এই লক্ষ্য থেকেই স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনসংক্রান্ত শর্ত শিথিল করা হয়েছে।’ তিনি বলেন, এতে কমিশনের সদিচ্ছা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

সিইসি আরও বলেন, ‘আমাদের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হতে পারে। তবে আমরা কোনো পক্ষের প্রতি পক্ষপাত করে কোনো বিচার দিইনি। অনেক চিন্তাভাবনা, বিচার-বিবেচনা এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি।’

আপিল শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, ‘শুনানিতে যেভাবে প্রশ্নোত্তর হয়েছে, যেভাবে আপনারা ধৈর্য ধরে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন—তা সত্যিই প্রশংসার যোগ্য। আলেম-ওলামারা একে ‘বাহাস’ বলেন। আপনাদের এই ধৈর্যশীল আচরণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোবারকবাদ।’

তিনি আরও বলেন, ‘অনেকে সকাল থেকে রাত পর্যন্ত ধৈর্য ধরে শুনানিতে উপস্থিত ছিলেন। আপনাদের সহযোগিতা ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। এ জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।’

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘যেসব ঋণখেলাপিকে ছাড় দেওয়া হয়েছে, তা আমরা কিছুটা কষ্ট নিয়েই করেছি। তবে আইন যেহেতু তাদের প্রার্থিতা অনুমোদন করেছে, তাই আমাদের পক্ষে ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল না।’


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!