আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য চালু হতে যাওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া সম্পর্কে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অবহিত করতে ব্রিফিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানায়, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল থেকে টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন দুজন প্রতিনিধি এই ব্রিফিংয়ে অংশ নিতে পারবেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তাঁর মনোনীত কোনো টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
ইসি আরও জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং পরদিন ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
প্রতীক বরাদ্দের পর থেকেই দেশে ও দেশের বাইরে অবস্থানরত ভোটাররা, যারা ইতিমধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন, তারা ডিজিটাল পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছে ইসি।
ব্রিফিংয়ে পোস্টাল ভোটের পুরো প্রক্রিয়া, প্রযুক্তিগত দিক এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী ভোট প্রদানের এ নতুন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর যেকোনো সংশয় দূর করতেই এই কারিগরি ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!