নির্বাচন কমিশন

পোস্টাল ভোট অ্যাপের সেটিং পরিবর্তনের নির্দেশনা দিল ইসি

আপডেট: জানু ২০, ২০২৬ : ০৬:২২ এএম ১৪
পোস্টাল ভোট অ্যাপের সেটিং পরিবর্তনের নির্দেশনা দিল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের ভোটদান সংক্রান্ত তথ্য দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দিতে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের সেটিংসে পরিবর্তন আনার জন্য অনুরোধ করা হয়েছে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, যেসব ভোটার ইতোমধ্যে পোস্টাল ব্যালটে ভোটের জন্য নিবন্ধন করেছেন, তারা যেন তাৎক্ষণিক পুশ নোটিফিকেশন (Push Notification) পান, তা নিশ্চিত করতে হবে। এজন্য অ্যাপের Settings অপশনে গিয়ে Push Notification সক্রিয় করার জন্য ভোটারদের অনুরোধ করা হয়েছে। মূলত ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বার্তা বা মেসেজ যেন ভোটাররা মিস না করেন, সেই জন্য এই নির্দেশনা।

ইসি জানায়, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার সফলভাবে নিবন্ধন করেছেন। ইতোমধ্যেই প্রবাসী ভোটারদের কাছে ডিজিটাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। শীঘ্রই দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোটারদেরও ব্যালট পাঠানো হবে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে নিবন্ধিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসীদের অংশগ্রহণ সহজ করতে এবার ‘Postal Vote BD’ অ্যাপের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!