ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সারা দেশে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে ২৯৮টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটেও সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। এ উপলক্ষে প্রতীক বরাদ্দের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীরা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট ২ হাজার ৫৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রাথমিকভাবে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৫৮ জনে।
এরপর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেন ৬৩৯ জন। আপিল শুনানি শেষে ৪৩১ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পান। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত ৩০৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৯৬৭ জনে।
এই প্রার্থীদের মধ্যেই বর্তমানে প্রতীক বরাদ্দ দিচ্ছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
এদিকে আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ফলে সবকিছু নিষ্পত্তি হলে ৩০০ আসনে মোট প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!