নির্বাচন কমিশন

সংসদ নির্বাচনে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবে: ইসি সচিব

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৫:৩৮ এএম ১৩
সংসদ নির্বাচনে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসবে: ইসি সচিব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসবেন। এটি জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৮৩ জন পর্যবেক্ষককে আমন্ত্রণ জানিয়েছি, যার মধ্যে ৩৬ জন নিশ্চিত করেছেন। এছাড়া ওপেন ইনভাইটেশনের মাধ্যমে ৫০ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। মোট অনুমান করা হচ্ছে, প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক আসবেন।”

সচিব জানান, বিদেশি পর্যবেক্ষকদের জন্য এয়ারপোর্টে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হবে। তারা প্রধানত হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকবেন, যেখানে হেল্প ডেস্ক ও মিডিয়া সেলসহ বিভিন্ন সমন্বয়ের ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, “এই মুহূর্তে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি অবস্থান করছেন, যা পরবর্তীতে প্রায় ৩০০ জনে পৌঁছাবে। কমনওয়েলথ সেক্রেটারিয়েট ও তুরস্ক থেকেও পর্যবেক্ষক আসবেন। যারা ভিসা সমস্যা নিয়ে আশঙ্কিত, তাদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুবিধা নিশ্চিত করা হয়েছে।”

এ ছাড়া নির্বাচনের সময় মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত করার বিষয়ে ইসি সচিব জানান, ট্রানজেকশন একেবারে বন্ধ হবে না; তবে নির্দিষ্ট সময়ের জন্য সীমিত করা হতে পারে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!