নির্বাচন কমিশন

কোনো শঙ্কা নেই, দেশের মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে: প্রেসসচিব

আপডেট: জানু ২৪, ২০২৬ : ০৫:৫২ এএম ১৪
কোনো শঙ্কা নেই, দেশের মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে: প্রেসসচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, দেশের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে এবং যেখানেই তারা যাচ্ছেন, সেখানেই লাখ লাখ মানুষ উপস্থিত হচ্ছে। তিনি বলেন, “মানুষ হাসিনার ১৬ বছরে ভালো একটি নির্বাচন দেখেনি। নির্বাচনী প্রচারণায় যতো মানুষ আসছে, তার হিসাব করলে বোঝা যায় দেশের মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে। ভোট সংক্রান্ত কোনো শঙ্কা নেই। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেসসচিব বাউলশিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলার বিষয়ে বলেন, “ঘটনাটি ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। পুলিশ ইতিমধ্যে মামলা করেছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আশা করছি, বাংলাদেশ একটি সম্প্রদায়িক-সম্প্রীতির দেশ হিসেবে থাকবে এবং মতবিরোধ থাকলেও পারস্পারিক সম্পর্ক বজায় থাকবে।”

তিনি বলেন, দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ—হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান এবং যারা কোনো ধর্ম মানেন না—সবাই নিরাপদভাবে ভোট দিতে কেন্দ্রে যাবে।

গণমাধ্যম সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি জানান, তথ্য অধিকার আইন (আরটিআই) আরও সহজ করা হয়েছে। কিভাবে সূচিপত্র তৈরি হবে, রিপোর্ট করা যাবে এবং তথ্যের ওপর নাগরিকদের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে—এসব বিষয়ে একটি অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, “এই সরকার ১৮ মাস দায়িত্বে থাকায় সব কিছু করা সম্ভব হয়নি, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই কাজ চলছে।”

গণভোটে হ্যাঁ ভোটের বিষয়ে তিনি বলেন, “সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৯ মাস জাতীয় সংস্কার কমিশনের আলোচনা শেষে এই গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণ বুঝবে কেন হ্যাঁ ভোট দিতে হবে—যাতে দেশে স্বৈরাচার, অপশাসন এবং অর্থ লুটপাট ফিরে না আসে।”

এ সময় গড়পাড়া ইমামবাড়ির খাদেম আরিফুর রহমান বাবুসহ ইমামবাড়ির ব্যক্তিবর্গ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!