গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান মাছউদ। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার মাছউদ জানান, বর্তমানে সারা দেশে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’র কাছে অভিযোগ করতে পারবেন।
তিনি বলেন, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি নিজেই আইন লঙ্ঘন করেন অথবা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব দেখান, সেক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ দেওয়া যাবে। অভিযোগের সত্যতা ও গুরুতরতা বিবেচনায় প্রয়োজনে নির্বাচন কমিশন সরাসরি ব্যবস্থা নেবে।
দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে কমিশনার মাছউদ বলেন, নির্বাচন কমিশনের দৃষ্টিতে বর্তমানে নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে। তিনি বলেন, সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি কমিশনের আহ্বান—সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তারা যেন সহযোগিতা করেন।
সম্প্রতি ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের প্রসঙ্গ তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহার প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের আচরণ বাহিনীর মনোবল ক্ষুণ্ণ করে এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!