নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ৪৮ ঘণ্টার ‘সাইলেন্ট পিরিয়ড’-এ সব ধরনের নির্বাচনী প্রচারণা কঠোরভাবে নিষিদ্ধ। এ সময় কোনো প্রার্থী বা তার সমর্থকরা জনসভা, মিছিল, শোভাযাত্রা বা মাইকিং চালালে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
ইসি জানিয়েছে, লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড অথবা ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ড প্রয়োগ করা যেতে পারে। এছাড়া তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের পূর্ণ এখতিয়ার কমিশনের আছে।
সংস্থাটি জানায়, মাঠ পর্যায়ে বিশেষ টিম এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নজর রাখবেন। ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালালেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৬১টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৫৯টি ঘটনায় মামলা দায়ের ও লাখাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। সর্বশেষ তিন দিনের হিসাব অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি ২৮টি, ৭ ফেব্রুয়ারি ২৮টি এবং ৮ ফেব্রুয়ারি ২২টি ঘটনা রেকর্ড করা হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে অভিযান অব্যাহত থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!