মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে এই তিন সিটির নির্বাচন আয়োজনের জন্য কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে।
ইসি সূত্র জানিয়েছে, প্রথম দফার এই তিন সিটি নির্বাচনের পর পর্যায়ক্রমে বাকি ৯ সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের কারণে অন্তর্বর্তী সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা, ৪৯৭ উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের জনপ্রতিনিধি অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছিল। প্রথমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয়েছিল। পরে রাজনৈতিক দলের আপত্তির কারণে সংসদের সম্মতি ছাড়া নির্বাচন আয়োজন করা হয়নি।
আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন বাধ্যতামূলক।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ২ জুন। পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ১ জুন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ৩ জুন। মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। মেয়াদ শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি ২০২৬।
এই কারণে প্রথম দফায় এই তিন সিটিতেই নির্বাচন আয়োজন সবচেয়ে জরুরি বলে মনে করছে ইসি। চিঠি পাওয়ার পর কমিশন ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, প্রার্থী যাচাই-বাছাই এবং নির্বাচনী কর্মকর্তা নিয়োগসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করবে। চট্টগ্রাম সিটির জন্য আলাদা জরুরি পরিকল্পনা নেওয়া হতে পারে।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “আমাদের মূল দায়িত্ব নির্বাচন আয়োজন। সরকারের নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো আয়োজনের পথে এগোব।”
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!