রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দলের স্থানীয় শাখা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়। বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে সংঘটিত ওই অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হন এবং আরও অন্তত ১৩ জন গুরুতর আহত হন। নিহতরা হলেন— ফজলে রাব্বী, হারিস, রাহাব, আফসানা, রোদেলা আক্তার এবং আড়াই বছর বয়সী শিশু রিসান। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলো অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত আমির নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন, তাঁদের কবরকে প্রশস্ত করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন তিনি।
বিবৃতিতে তিনি অগ্নিকাণ্ডে আহত ও হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দিতে জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা সংগঠনগুলোর প্রতি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।
আরএস
No comments yet. Be the first to comment!