ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির মতো অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দলের কেউ দুর্নীতিতে জড়িত হলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ। সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ সভার আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, ‘আমি যদি আমার বাবার সন্তান হয়ে থাকি, তাহলে কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। কারও ব্যক্তিগত অন্যায়ের দায় আমি নেব না।’
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। দলের নামে কোনো বদনাম সহ্য করা হবে না। সৎপথে থেকে জীবিকা নির্বাহ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতিচারণ করে শামা ওবায়েদ বলেন, সালথা উপজেলা প্রতিষ্ঠায় তাঁর অবদান রয়েছে। ২০০১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে সালথায় জনসভা করে তিনি উপজেলাটি ঘোষণার উদ্যোগ নেন। সে জন্য সালথাবাসী তাঁর কাছে ঋণী।
নিজের বাবা সাবেক মন্ত্রী মরহুম কে এম ওবায়দুর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর নেতৃত্বেই সালথা উপজেলা পরিষদ গঠিত হয়, যা স্থানীয় মানুষের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ সৃষ্টি করেছে।
সালথাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি জানান, এলাকায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার ইচ্ছা রয়েছে, যেখানে স্বল্পমূল্যে চিকিৎসা পাবে সাধারণ মানুষ। পাশাপাশি শিক্ষাখাতের উন্নয়ন এবং যুবক ও নারীদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার। এ সময় নগরকান্দা উপজেলা বিএনপি ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আরএস
No comments yet. Be the first to comment!