আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা মহানগরী ও উত্তরবঙ্গ সফর করবেন।
দলীয় সূত্র জানায়, আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) তিনি ঢাকা মহানগরীতে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন। ওই দিন নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫–তে গণসংযোগ করবেন এবং একটি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
এর পর ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফর করবেন জামায়াতের আমির। ২৩ জানুয়ারি (শুক্রবার) দুপুর ২টায় দিনাজপুর জেলা জামায়াতের আয়োজনে স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। একই দিন বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায়ও বক্তব্য রাখবেন।
২৪ জানুয়ারি (শনিবার) সকালে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এদিন সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেন।
আরএস
No comments yet. Be the first to comment!