কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁর প্রার্থিতার বিরুদ্ধে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির করা আপিল নামঞ্জুর করেছে কমিশন।
আজ শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়। এর ফলে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তই বহাল থাকল এবং হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ হিসেবে চূড়ান্ত হলো।
এর আগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি আপিল আবেদনে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের দাবি জানান। তিনি অভিযোগ করেন, নির্বাচনী ব্যয়ের হিসাবে হাসনাত আব্দুল্লাহ ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে ৩০ লাখ টাকা পাওয়ার যে তথ্য দিয়েছেন, তা বাস্তবসম্মত নয় এবং একটি ‘ভেক’ বিষয়।
তবে আপিল শুনানিতে নির্বাচন কমিশন ওই অভিযোগ গ্রহণ করেনি। কমিশনের সিদ্ধান্তে বলা হয়, মনোনয়নপত্র বাতিলের মতো কোনো অনিয়ম বা আইনি বাধা প্রমাণিত হয়নি।
এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতায় আর কোনো বাধা রইল না।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!