ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এসব প্রার্থীকে নির্বাচন করতে দিলে আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনে নামবে এনসিপি।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ অভিযোগ করেন, নির্বাচন কমিশনে পেশিশক্তির প্রদর্শনী চলছে। তিনি বলেন, ‘শুনানিতে অংশ নিতে একেকজন প্রার্থী শত শত লোক নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছেন।’ এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, একদিকে দলটি নিজেদের গণতন্ত্রের ধারকবাহক দাবি করলেও তাদের সমর্থিত প্রার্থীরাই গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আরও বলেন, যাঁরা অতীতে সুযোগ নিয়ে দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি জমিয়েছেন এবং সেখানে সম্পদ গড়ে তুলেছেন, তাঁরাই এখন দেশে ফিরে দ্বৈত নাগরিক হয়েও জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছেন। ‘আমরা কোনোভাবেই এসব দ্বৈত নাগরিককে নির্বাচনে অংশ নিতে দেব না,’ বলেন তিনি।
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থান তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, এদের কাউকে নির্বাচন করার সুযোগ দেওয়া হলে এনসিপি তা প্রতিহত করবে। তাঁর ভাষায়, ‘এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই দায়সারা নির্বাচন করার সুযোগ দেওয়া হবে না।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!